আগরতলা, ২৫ জুন: খাবার পৌঁছাতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক ডেলিভারি বয়কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক গ্রাহকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খোশবাগান এলাকায়।অভিযোগ অনুযায়ী, ডেলিভারি বয় অভিজিৎ সরকার, যার বাড়ি কৃষ্ণনগর এলাকায়, নির্ধারিত খাবার পৌঁছে দিতে গেলে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাহক ভিকি মজুমদার। এরপর দু’জনের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ, বচসার এক পর্যায়ে ভিকি মজুমদার ডেলিভারি বয়ের উপর শারীরিকভাবে হামলা চালান। এতে অভিজিৎ সরকারের নাক ও মুখে গুরুতর আঘাত লাগে। স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে উদ্ধার হন।ঘটনার পর আহত ডেলিভারি বয় পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার জেরে ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খাবার ডেলিভারিতে দেরি, ক্ষোভে ডেলিভারি বয়কে মারধর! নাক-মুখ ফাটার অভিযোগ কাস্টমারের বিরুদ্ধে
