তেলিয়ামুড়া, ২৫ জুন: আর্থিক অনিয়মের অভিযোগের আবহের মধ্যেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়ার মহারানীপুর এলাকায়। এবার সরকারি সিল ও স্বাক্ষর জাল করার গুরুতর অভিযোগে তেলিয়ামুড়া থানায় লিখিত মামলা দায়ের করেছেন তেলিয়ামুড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) বিপ্লব আচার্য।অভিযোগ অনুযায়ী, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন (TRLM)-এর বুক কিপার তথা মহারানীপুরের বাসিন্দা ঝুমা চৌধুরী বিডিও’র সরকারি সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পরই আইনি প্রক্রিয়া শুরু করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও তথ্যাদি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।উল্লেখ্য, অভিযুক্ত ঝুমা চৌধুরীর বিরুদ্ধে এর আগেও আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগ সামনে এসেছিল। তবে সেই অভিযোগগুলিও এখনও তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি।এই ঘটনায় অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, অভিযোগ দায়ের হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। তদন্ত ও আদালতের চূড়ান্ত রায়ের ভিত্তিতেই দোষী বা নির্দোষ নির্ধারিত হবে।
বিডিও’র সিল-স্বাক্ষর জালিয়াতির অভিযোগ! TRLM বুক কিপারের বিরুদ্ধে থানায় মামলা
