তেলিয়ামুড়া প্রতিনিধি: তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায় একটি বিশালাকার গাছ ভেঙে পড়ে ত্রিপুরা পুলিশের এসপিও জওয়ান অর্জুন দাসের বসতঘরের একাংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।বুধবার রাত প্রায় ১০টা ৩০ মিনিট নাগাদ আকস্মিকভাবে গাছটি ঘরের ওপর ভেঙে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা বিভাগে খবর দেওয়া হয়। কিন্তু অভিযোগ, জরুরি পরিস্থিতিতেও দ্রুত সহায়তা পৌঁছায়নি।স্থানীয়দের দাবি, প্রথমে ঘটনাস্থলে একজন স্বেচ্ছাসেবককে পাঠানো হলেও তার কাছে গাছ কাটার কোনো সরঞ্জাম ছিল না। পরে দীর্ঘ সময় অপেক্ষার পর আরও কয়েকজন স্বেচ্ছাসেবক বিভিন্ন সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। দুর্যোগ মোকাবেলা দলের জন্য স্থায়ী যানবাহনের অভাব থাকায় উদ্ধার কাজে বিলম্ব হয়েছে বলেও অভিযোগ উঠেছে।এই ঘটনাকে কেন্দ্র করে মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা ব্যবস্থার প্রস্তুতি ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের বক্তব্য, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে বিভাগ দায়িত্বপ্রাপ্ত, সেই বিভাগের এমন অপ্রস্তুত অবস্থান উদ্বেগজনক।স্থানীয়দের আরও অভিযোগ, অতীতেও একাধিক দুর্ঘটনার ক্ষেত্রে দুর্যোগ মোকাবেলা ব্যবস্থার গাফিলতির অভিযোগ উঠেছে। তাই অবিলম্বে প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন তারা।বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি ঘটনার তদন্ত ও প্রশাসনিক ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখার দাবি জোরালো হয়েছে এলাকায়।
গাছ ভেঙে ঘর বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার! দুর্যোগ মোকাবেলায় অব্যবস্থার অভিযোগ তেলিয়ামুড়ায়
