এডিসি (ADC) এলাকাকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আবারও সরব হলো টিপরাল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটি। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান অঘোর দেববর্মা পৃথক রাজ্যের দাবিকে নতুন করে সামনে তুলে ধরেন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার, সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন এবং স্বশাসনের প্রশ্নে যে দাবি উত্থাপিত হয়ে আসছে, তারই অংশ হিসেবে পৃথক রাজ্যের দাবি এখনও প্রাসঙ্গিক। তিনি দাবি করেন, বর্তমান ব্যবস্থায় প্রত্যাশিত উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে পৌঁছাচ্ছে না।চেয়ারম্যান আরও জানান, এডিসি এলাকাকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে এবং বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের উদ্যোগও নেওয়া হবে।সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আদিবাসী জনগণের স্বার্থ রক্ষা এবং এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে পৃথক রাজ্যের দাবি বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। সাংবাদিক সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
আবারও পৃথক ‘টিপরাল্যান্ড’ দাবিতে সরব স্টেটহুড ডিমান্ড কমিটি, প্রেস ক্লাবে জোরালো বার্তা
