দীর্ঘ সাত বছর ধরে বেহাল রাস্তার দুর্ভোগে অতিষ্ঠ হয়ে অবশেষে পথ অবরোধে সামিল হলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক নমঃপাড়া ও তাতিপাড়ার বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে জোলাইবাড়ী-বিলোনিয়া সড়ক অবরোধ করে এলাকাবাসী তাঁদের ক্ষোভ উগরে দেন।স্থানীয়দের অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হলেও রাস্তা সংস্কারের কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পর উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলেও দাবি করেন আন্দোলনকারীরা।প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই সকাল থেকে রাস্তা অবরোধে বসেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় নিত্যদিন চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এলাকার মানুষকে।অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) নবব্রত দত্ত। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান আদৌ কবে হবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে।
রাস্তার দাবিতে জোলাইবাড়ী-বিলোনিয়া সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে উঠল বিক্ষোভ
