বিশালগড়ের চড়িলাম–কানাইবাড়ি রেলব্রিজ সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে রাস্তার মাঝখানে একটি বড় গর্ত দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাতঃভ্রমণে বের হওয়া স্থানীয় বাসিন্দারা প্রথম গর্তটি দেখতে পান এবং মুহূর্তের মধ্যেই বিষয়টি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা রাস্তার মাঝখানে গর্তটি খুঁড়ে রেখে গেছে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গর্তটি ঘিরে তদন্ত শুরু করে।পরে পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে গর্তের মাটি সরানোর কাজ করা হয়। খোঁড়াখুঁড়ির পর সেখানে একটি তারের সন্ধান মিললেও সেটি কী উদ্দেশ্যে বা কারা সেখানে রেখেছিল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের রাতের টহলদারি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, এলাকায় নিয়মিত পুলিশি টহল থাকলে এ ধরনের রহস্যজনক ঘটনা ঘটানোর সুযোগ কেউ পেত না। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।রাস্তার মাঝখানে হঠাৎ তৈরি হওয়া এই রহস্যময় গর্ত ঘিরে এলাকায় এখনও কৌতূহল ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে বিশালগড় থানার পুলিশ।
রাতারাতি রাস্তার মাঝে রহস্যময় গর্ত! আতঙ্কে কানাইবাড়ি, তদন্তে পুলিশ
