কৈলাশহর, ঊনকোটি: কৃষকদের মধ্যে টেকসই, লাভজনক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির প্রসার ঘটাতে ঊনকোটি জেলায় অনুষ্ঠিত হলো ‘ক্ষেত বাঁচাও অভিযান’ ও ‘প্রাকৃতিক কৃষি’ বিষয়ক জেলা-স্তরের কর্মসূচি। শুক্রবার শ্রীরামপুরের স্বামী বিবেকানন্দ হলে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষকদের প্রাকৃতিক কৃষি পদ্ধতি গ্রহণে উৎসাহিত করা হয়।একটি চারা গাছে জলসিঞ্চনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে তিনি কৃষিতে রাসায়নিকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক ও পরিবেশবান্ধব চাষাবাদের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি গ্রহণের আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সম্পা দাস পাল, জেলা পরিষদের সদস্য বিমল কর, শ্যামল দাসসহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও জেলার বহু কৃষক।আয়োজকদের মতে, ‘ক্ষেত বাঁচাও অভিযান’-এর মূল লক্ষ্য হলো মাটির উর্বরতা রক্ষা, উৎপাদন ব্যয় কমানো, বিষমুক্ত খাদ্য উৎপাদন এবং কৃষকদের প্রাকৃতিক কৃষির প্রতি আরও বেশি আগ্রহী করে তোলা। কর্মসূচিতে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা ও সচেতনতামূলক বার্তাও প্রদান করা হয়।
ঊনকোটিতে ‘ক্ষেত বাঁচাও’ অভিযান, প্রাকৃতিক কৃষিতে জোর দিল রাজ্য সরকার
