শান্তিরবাজার, ২৮ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকায় অবস্থিত ‘আপন’ আইসক্রিম ফ্যাক্টরির বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বাজার থেকে কেনা আইসক্রিমের ভেতরে পোকা ও ছত্রাক দেখতে পাওয়া গেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বীরচন্দ্র মনু বাজারে এক বিক্রেতার কাছ থেকে ‘আপন’ ব্র্যান্ডের আইসক্রিম কেনার পর কয়েকজন ক্রেতা আইসক্রিমের মধ্যে পোকা ও ছত্রাকের মতো বস্তু দেখতে পান বলে অভিযোগ করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়।স্থানীয়দের অভিযোগ, এই ফ্যাক্টরির বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলেও খাদ্য নিরাপত্তা দপ্তর বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের আশঙ্কা, নিম্নমানের ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আইসক্রিম খেয়ে বিশেষ করে স্কুলপড়ুয়া শিশু-সহ সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।এদিকে, রবিবার বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে ফ্যাক্টরিতে উপস্থিত এক শ্রমিক জানান, কয়েকদিন বিদ্যুৎ না থাকায় সংরক্ষিত আইসক্রিম নষ্ট হয়ে থাকতে পারে। তিনি আরও দাবি করেন, কয়েকদিন ধরে নতুন করে আইসক্রিম উৎপাদন হয়নি এবং আগে তৈরি করা আইসক্রিমই বাজারে সরবরাহ করা হচ্ছে। আইসক্রিমে পোকা পাওয়ার বিষয়টি মালিকপক্ষও জানেন বলে তিনি উল্লেখ করেন।স্থানীয়দের দাবি, শান্তিরবাজার মহকুমায় গড়ে ওঠা বিভিন্ন আইসক্রিম কারখানায় স্বাস্থ্যবিধি ও খাদ্যমান নিয়মিত পরীক্ষা করতে প্রশাসনের উদ্যোগ প্রয়োজন। তারা সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।তবে, এই অভিযোগের বিষয়ে ফ্যাক্টরির মালিকপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
আইসক্রিমে পোকা-ছত্রাকের অভিযোগ, বীরচন্দ্র মনুর ‘আপন’ আইসক্রিম ফ্যাক্টরি ঘিরে চাঞ্চল্য
