আগরতলা, ৩০ জুন: অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স ও তহবিল থেকে অর্থ তছরুপের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) সদস্য ও বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন বলেন, অযোধ্যার রাম মন্দিরের তহবিল সংক্রান্ত অভিযোগ অত্যন্ত গুরুতর। তিনি অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান। তাঁর বক্তব্য, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা দাবি করেন, ত্রিপুরাসুন্দরী মন্দিরের নির্মাণ কাজেও অনিয়ম হয়েছে। তাঁর অভিযোগ, ধর্মের নামে দুর্নীতি হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি জানান, এই ইস্যুতে প্রদেশ কংগ্রেস রাজ্যজুড়ে আন্দোলন গড়ে তুলবে।
রাম মন্দির তহবিল বিতর্কে সরব প্রদেশ কংগ্রেস, নিরপেক্ষ তদন্তের দাবি
