আগরতলা, ৩০ জুন: চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার বন্ধ থাকায় মঙ্গলবার আগরতলার জিবি হাসপাতালের আউটডোরে রোগীদের ব্যাপক ভিড় দেখা যায়। বিশেষ করে গাইনি (স্ত্রীরোগ) ওপিডিতে সাম্প্রতিক সময়ের তুলনায় সর্বাধিক রোগীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চরম দুর্ভোগে পড়েন গর্ভবতী মহিলারা।হাসপাতাল চত্বরে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যায়। প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় গর্ভবতী নারী ও তাঁদের সঙ্গে আসা পরিবারের সদস্যদের। রোগীদের অভিযোগ, অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসা পরিষেবা পেতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত ভিড় ও গরমের কারণে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন রোগী অসুস্থ হয়ে পড়েন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।রোগীর পরিজনদের বক্তব্য, চিকিৎসকদের চেম্বার বন্ধ থাকায় সরকারি হাসপাতালে রোগীর চাপ বাড়াটা স্বাভাবিক। তবে সেই চাপ সামাল দেওয়ার মতো পর্যাপ্ত পরিকাঠামো, চিকিৎসক এবং সহায়ক কর্মী থাকা জরুরি। তাঁদের দাবি, ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের পরিষেবা আরও শক্তিশালী করা হোক।
ডাক্তারের চেম্বার বন্ধ, জিবি হাসপাতালের গাইনি ওপিডিতে উপচে পড়া ভিড়; দুর্ভোগে গর্ভবতীরা
