পানিসাগর, ১ জুলাই: ঊনকোটি জেলার পেঁচারথল থানাধীন ঢেপাছড়া এলাকায় বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে এক সাত বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে, বুধবার বন্ধুদের সঙ্গে একটি জলাশয়ে স্নান করতে নেমেছিল শিশুটি। একসময় অসাবধানতাবশত গভীর জলে তলিয়ে যায় সে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন এবং দ্রুত খবর দেওয়া হয় পানিসাগর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও প্রশাসনকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পানিসাগর ফায়ার সার্ভিসের কর্মী, সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবক এবং পরে এনডিআরএফ-এর উদ্ধারকারী দল যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। টানা প্রায় পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযানের পর শিশুটিকে জল থেকে উদ্ধার করা হয়।উদ্ধারের পর দ্রুত তাকে পানিসাগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।এই মর্মান্তিক ঘটনায় মৃত শিশুর পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একই সঙ্গে বর্ষাকালে জলাশয়ে শিশুদের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু ৭ বছরের শিশুর, ৫ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মিলল দেহ
