আগরতলা, ১ জুলাই: মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক। তাঁর আন্তরিক প্রচেষ্টায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়। চিকিৎসকদের তৎপরতায় নিরাপদ প্রসবের মাধ্যমে গৃহবধূ একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন।মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই সুখবর পেয়ে প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের আন্তরিক পরিষেবার জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।তিনি বলেন, সময়মতো চিকিৎসা ও চিকিৎসকদের নিষ্ঠার ফলেই মা ও নবজাতক দু’জনেই সুস্থ আছেন। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করে যাওয়ার আশ্বাস দেন তিনি।এই ঘটনাকে ঘিরে নবজাতকের পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিকের উদ্যোগে জিবি হাসপাতালে নিরাপদ প্রসব, ফুটফুটে পুত্রসন্তানের জন্ম
