ধর্মনগর, ২ জুলাই: উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মনগর সার্কিট হাউসে আয়োজিত হলো ব্যতিক্রমী অনুষ্ঠান ‘মেধাবীদের সঙ্গে চা-আড্ডা’। অনুষ্ঠানে জেলার ৪৪ জন কৃতী ও মেধাবী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলাশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা, সাফল্যের গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজ ও দেশের প্রতি তাদের ভাবনা নিয়ে আন্তরিক মতবিনিময় হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক সম্মানপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে স্মারক ও শুভেচ্ছা তুলে দেওয়া হয়।সম্মানপ্রাপ্তদের মধ্যে জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুলের ৬ জন এবং পি.এম.সি. গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ৫ জন টপার ছিলেন। এছাড়াও বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪ জন দিব্যাঙ্গ ছাত্র-ছাত্রীকেও সম্মাননা জানানো হয়।জেলাশাসক তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের সম্পদ। তাঁদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, গোটা জেলার গর্ব। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।জেলা প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং আগামী প্রজন্মের সামনে ইতিবাচক অনুপ্রেরণা তুলে ধরা। অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থী, অভিভাবক এবং উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
মেধাবীদের সঙ্গে চা-আড্ডায় জেলাশাসক! উত্তর ত্রিপুরায় ৪৪ কৃতী পড়ুয়াকে সম্মাননা
