Headlines

মনরেগার বদলে ‘ভিবি-জি রাম জি’! উদয়পুরে নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সূচনা

উদয়পুর, ২ জুলাই: গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকার সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগ ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ (VB-G-RAM-G)-এর জেলা ভিত্তিক জনসম্মেলন ও লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হলো গোমতী জেলায়। বৃহস্পতিবার উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার স্পিকার রামপদ জমাতিয়া। উপস্থিত ছিলেন টিটিএডিসির শিক্ষা দপ্তরের ইএম চন্দ্র কুমার জমাতিয়া, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, সঞ্জয় মানিক ত্রিপুরা, পাঠান লাল জমাতিয়া, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন, গ্রামীণ উন্নয়ন দপ্তরের আন্ডার সেক্রেটারি ড. অনিমেষ দেববর্মা, অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য্য ও সঞ্জিত দেববর্মা-সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার।এই কর্মসূচির আওতায় গ্রামীণ শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারণ এবং কাজের মেয়াদ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার বিষয়টি তুলে ধরা হয়।অনুষ্ঠানে ‘ভিবি-জি রাম জি আইন, ২০২৫’-এর জাতীয় উদ্বোধন উপলক্ষে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার ওবুলাভারিপল্লে মণ্ডলের মুক্কাভারিপল্লে গ্রামে আয়োজিত অনুষ্ঠানের সরাসরি ভিডিও সম্প্রচারও দেখানো হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু।ভিডিও কনফারেন্স শেষে স্পিকার রামপদ জমাতিয়া বলেন, এই নতুন উদ্যোগ গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি, টেকসই সম্পদ সৃষ্টি এবং নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি আত্মনির্ভর ও উন্নত গ্রামীণ ভারত গঠনের লক্ষ্য পূরণেও এই প্রকল্প কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠান ঘিরে রাজর্ষি কলাক্ষেত্রে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলা প্রশাসনের দাবি, এই প্রকল্পের মাধ্যমে গোমতী জেলার গ্রামীণ উন্নয়নে নতুন গতি আসবে এবং সাধারণ মানুষের জীবিকায় ইতিবাচক পরিবর্তন ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *