উত্তর ত্রিপুরা | দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে নিজের জমির দখল ফিরে পেলেন উত্তর জেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা মানিক দেবনাথ। বৃহস্পতিবার আদালতের নির্দেশ কার্যকর করতে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এবং স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্যে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে জমির দখল তুলে দেওয়া হয়।জানা গেছে, ২০২৩ সালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রায় ০.৩৪ শতক জমির মালিকানা ও দখল নিয়ে উত্তর জেলা ও দায়রা আদালতে মামলা দায়ের করেছিলেন মানিক দেবনাথ। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর চলতি বছরে আদালত তাঁর পক্ষে রায় দেয়।আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার চুড়াইবাড়ি থানার পুলিশের উপস্থিতিতে এবং স্থানীয় গ্রামবাসীদের সাক্ষ্যে সংশ্লিষ্ট জমির দখল আনুষ্ঠানিকভাবে মানিক দেবনাথের হাতে ফিরিয়ে দেওয়া হয়।দীর্ঘ প্রতীক্ষার পর নিজের জমি ফিরে পেয়ে আবেগাপ্লুত মানিক দেবনাথ আদালত, প্রশাসন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচারের প্রতি তাঁর আস্থা আরও দৃঢ় হয়েছে।এদিন আদালতের পক্ষ থেকে বেলিফ অমিত সানতাল ও সুজিত দাস উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এই রায় সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি বিশ্বাস ও ন্যায়বিচারের আস্থা আরও শক্তিশালী করবে।
৩ বছরের আইনি লড়াই শেষে আদালতের রায়ে নিজের জমি ফিরে পেলেন মানিক দেবনাথ
