Headlines

দক্ষিণ ত্রিপুরায় VB GRAM G-এর সূচনা, রেগা শ্রমিকদের মজুরি বেড়ে ৩০০ টাকা

বিলোনিয়া | দক্ষিণ ত্রিপুরায় গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করে বৃহস্পতিবার বিলোনিয়ার পুরাতন টাউন হলে জেলা-স্তরের জনসম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ (VB GRAM G) প্রকল্পের।অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের সমবায়, জনজাতি কল্যাণ (টিআরপি ও পিটিজি) এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মহম্মদ সাজ্জাদ পি (আইএএস)। এছাড়াও জেলার বিভিন্ন বিধায়ক, জেলা পরিষদের জনপ্রতিনিধি এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের নির্দেশ অনুযায়ী VB GRAM G প্রকল্পের আওতায় রেগা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে গ্রামীণ শ্রমজীবী মানুষের আয় বৃদ্ধি এবং তাঁদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তাঁর বক্তব্যে বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও জীবিকার উন্নয়নে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং সরকারি পরিষেবাগুলি আরও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে।অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্পটির সফল বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, VB GRAM G আগামী দিনে দক্ষিণ ত্রিপুরার গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং আত্মনির্ভর গ্রাম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *