বিশালগড়: ফের অপরাধের ঘটনায় শিরোনামে বিশালগড়। নিমন্ত্রণ সেরে বাড়ি ফেরার পথে দুই মহিলা ও এক গাড়িচালককে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ অনুযায়ী, গভীর রাতে একটি গাড়ি আটকিয়ে দুই মহিলা ও চালককে জোর করে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায় দুষ্কৃতীরা। সেখানে দুই মহিলার উপর শারীরিক নির্যাতন চালানোর পাশাপাশি তাদের পরনের স্বর্ণালঙ্কার লুট করে নেওয়া হয় বলে অভিযোগ। পরে মহিলাদের জঙ্গলের মধ্যে বেঁধে রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলায় এলাকাবাসী দুই মহিলাকে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে যান। তবে ঘটনার পর থেকে গাড়িচালকের এখনও কোনো খোঁজ মেলেনি। তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।ঘটনার অভিযোগের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অপহরণ, লুটপাট ও নিখোঁজ গাড়িচালকের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।
বিশালগড়ে মধ্যরাতের বিভীষিকা! দুই মহিলাকে অপহরণ, লুটপাটের অভিযোগ—নিখোঁজ গাড়িচালক
