আভাংছড়া এডিসি ভিলেজের বাসিন্দা রতিমোহন ত্রিপুরা (৩৭)-এর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সোমবার গভীর রাতে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে আভাংছড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজের বাড়ি মায়াজয় পাড়ায় ফিরছিলেন রতিমোহন ত্রিপুরা। তিনি টি আর–০৮ বি–৬১৭২ নম্বরের স্কুটি চালিয়ে বাড়ি ফেরার সময় বৃষ্টির কারণে কাদায় ভরা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জানান, রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে তাঁকে হাসপাতালে আনা হলেও তখন তিনি মৃত অবস্থায় ছিলেন। মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার রাস্তার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, দ্রুত রাস্তার সংস্কার না হলে ভবিষ্যতেও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।জানা গেছে, রতিমোহন ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির (বিজেপি)-র একনিষ্ঠ কর্মী ছিলেন। তাঁর মৃত্যুর পর ৩৮ জোলাইবাড়ী মণ্ডল বিজেপির উদ্যোগে শেষ শ্রদ্ধা জানানো হয়। তাঁর অকাল প্রয়াণে পরিবার, আত্মীয়-স্বজন এবং গোটা এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল আভাংছড়ার যুবকের, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ এলাকায়
