বিদ্যুৎ পরিষেবার অনিয়ম, প্রিপেইড বিদ্যুতের রিচার্জে ঘনঘন ‘সার্ভার ডাউন’ সমস্যা এবং সাধারণ মানুষের দুর্ভোগের অভিযোগ তুলে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস মঙ্গলবার শান্তিনগরস্থ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বিদ্যুৎ পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন দলের নেতারা।কংগ্রেস নেতৃত্বের দাবি, গত কয়েক দিন ধরে অসংখ্য গ্রাহক বিদ্যুৎ দপ্তরে গিয়েও সার্ভার বিভ্রাটের কারণে প্রিপেইড রিচার্জ করতে পারেননি। ফলে বহু পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রচণ্ড গরমে শিশু, প্রবীণ ও অসুস্থ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। বিদ্যুৎ না থাকায় পানীয় জল সংগ্রহ, মোবাইল চার্জিং, পড়ুয়াদের পড়াশোনা এবং ছোট ব্যবসা-বাণিজ্যও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তোলা হয়।বক্তারা আরও দাবি করেন, পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে বিদ্যুৎ গ্রাহকদের সমস্যার সমাধানের দাবিতে আন্দোলনে নামতে হয় এবং জাতীয় সড়ক অবরোধ করতেও বাধ্য হন সাধারণ মানুষ। তাঁদের মতে, প্রশাসন সময়মতো উদ্যোগ নিলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস সভাপতি অতনু পাল, জেলা কংগ্রেসের সহ-সভাপতি বিশ্বজিৎ চন্দ, অসংগঠিত শ্রমিক সংগঠনের ব্লক চেয়ারম্যান মিন্টু দেব এবং জেলা কংগ্রেসের সদস্য রাজধন সরকার।কংগ্রেস নেতৃত্ব বিদ্যুৎ পরিষেবাকে নিরবচ্ছিন্ন রাখা, প্রিপেইড রিচার্জ ব্যবস্থায় ঘনঘন সার্ভার বিভ্রাটের স্থায়ী সমাধান এবং ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি এড়াতে বিকল্প প্রযুক্তিগত ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা বলেছে, বিদ্যুতের মতো মৌলিক পরিষেবা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং সাধারণ মানুষের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।
‘সার্ভার ডাউন’-এ বিদ্যুৎ রিচার্জে ভোগান্তি, তেলিয়ামুড়ায় সরকারের বিরুদ্ধে সরব কংগ্রেস
