ত্রিপুরার হাঁপানিয়ার দুই বছর বয়সী মনশ্রী চৌধুরী বিরল জিনগত রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA)-তে আক্রান্ত। শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৮ কোটি টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই মনশ্রীর জীবন বাঁচাতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ, সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।এই প্রেক্ষাপটে বুধবার উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মনশ্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন করেন মন্দিরের পুরোহিতরা। ভক্তিভরে মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর চরণে প্রার্থনা নিবেদন করা হয়, যাতে শিশুটি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তী বলেন, “মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে মনশ্রী যেন দ্রুত আরোগ্য লাভ করে, সেই প্রার্থনাই করেছি। এই কঠিন সময়ে সমাজের সকল মানুষের মানবিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন, মানুষের সম্মিলিত উদ্যোগ ও সহমর্মিতাই মনশ্রীর চিকিৎসার পথকে সহজ করে তুলতে পারে। তাই সবাইকে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।উল্লেখ্য, মনশ্রীর চিকিৎসার জন্য ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে তহবিল সংগ্রহ শুরু হয়েছে। পরিবারের আশা, সমাজের মানুষের সম্মিলিত সহযোগিতায় এই শিশুটির চিকিৎসা সম্ভব হবে এবং সে নতুন জীবন ফিরে পাবে।
মনশ্রীর আরোগ্য কামনায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বিশেষ পূজা-যজ্ঞ
