সিপাহিজলা জেলার দক্ষিণ চড়িলাম সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে চরম শিক্ষক সংকটকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিদ্যালয় পরিদর্শনে আসা চড়িলামের ডেপুটি আইএস তনিমা রায়ের মন্তব্যকে ঘিরে অভিভাবকদের সঙ্গে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে।অভিভাবকদের অভিযোগ, নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় পুরো বিদ্যালয় পরিচালনার জন্য প্রধান শিক্ষকসহ মাত্র চারজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে একজন অসুস্থ এবং দু’জন জনগণনার কাজে নিযুক্ত থাকায় বর্তমানে বিদ্যালয়ের সমস্ত দায়িত্ব একাই সামলাচ্ছেন ভারপ্রাপ্ত ইনচার্জ ভাগ্যশ্রী দেববর্মা। ফলে শিক্ষাদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শনে এসে ডেপুটি আইএস তনিমা রায় অভিভাবকদের উদ্দেশে বলেন, “এমন পরিস্থিতি হলে শিশুদের বিদ্যালয়ে না আনলেই ভালো।” এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত অভিভাবকরা। তাদের প্রশ্ন, শিক্ষক নিয়োগের ব্যবস্থা না করে কেন শিশুদের স্কুলে না আনার পরামর্শ দেওয়া হলো।অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও সমস্যার সমাধান হয়নি। তারা অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শিক্ষক সংকটে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল! ডেপুটি আইএসের মন্তব্য ঘিরে তুমুল বিক্ষোভ
