Headlines

ছাদহীন শ্রেণিকক্ষে পড়াশোনা! বেহাল ভদ্রাই সেনাপতি পাড়া জে বি স্কুল, সংস্কারের দাবিতে ক্ষোভ

জিরানিয়া, ১১ জুলাই: জিরানিয়া মহকুমার বোরখা সার্কেলের অধীন মান্দাই এলাকার ভদ্রাই সেনাপতি পাড়া জে বি স্কুলের জরাজীর্ণ অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভবন সংস্কারের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষাকালে বিদ্যালয়ের ছাদ চুঁইয়ে পানি পড়ায় শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।স্থানীয়দের দাবি, বৃষ্টির সময় শ্রেণিকক্ষ ব্যবহার করা সম্ভব না হওয়ায় ছাত্রছাত্রীদের স্টাফ রুমে আশ্রয় নিয়ে ক্লাস করতে হচ্ছে। ফলে স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং ছোট ছোট শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।অভিযোগ অনুযায়ী, বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার মান্দাইয়ের ইন্সপেক্টর অব স্কুল (আইএস) এবং শিক্ষা দপ্তরের কাছে ভবন সংস্কারের আবেদন জানিয়েছে। তবে পরিদর্শন ও মাপজোখ হলেও এখনও পর্যন্ত সংস্কারকাজ শুরু হয়নি বলে অভিযোগ।অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শুধু পরিমাপ নয়, অবিলম্বে বিদ্যালয়ের সংস্কার কাজ শুরু করা হোক যাতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারে।এদিকে, এলাকাবাসী ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য সি. কে. জমাতিয়ার কাছে বিদ্যালয়টি পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *