Headlines

সাব্রুম বাসস্ট্যান্ডে ছাড়পত্রের টাকা নিয়ে বিতর্ক, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ক্ষোভ চালক-মালিকদের

সাব্রুম, ১১ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম বাসস্ট্যান্ডে ছাড়পত্র (পারমিট স্লিপ) বাবদ অর্থ আদায়কে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বাস ও জিপ চালক সংঘের একাংশের বিরুদ্ধে অনুমোদন ছাড়া অতিরিক্ত অর্থ আদায় এবং শ্রমিকদের স্বার্থ উপেক্ষার অভিযোগ তুলেছেন কয়েকজন গাড়িচালক ও মালিক।অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি স্বীকৃত সাব্রুম বাসস্ট্যান্ডের পরিচালনার দায়িত্ব শ্রমিক সংগঠনের হাতে রয়েছে। সংগৃহীত অর্থের একটি অংশ কর্মচারীদের বেতন এবং শ্রমিক কল্যাণমূলক কাজে ব্যয় করা হতো। কিন্তু সম্প্রতি ছাড়পত্র সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন আনার ফলে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে।স্থানীয় অভিযোগ অনুযায়ী, আগে সাব্রুম থেকে একবার ছাড়পত্র সংগ্রহ করেই আগরতলা পর্যন্ত যাতায়াত করা যেত। বর্তমানে সাব্রুমে কম অর্থে ছাড়পত্র দেওয়া হলেও মনুবাজারে আবার আলাদা করে অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে গাড়িচালকদের কাছ থেকে আগের তুলনায় বেশি অর্থ আদায় করা হচ্ছে বলে দাবি তাঁদের।এছাড়াও অভিযোগ করা হয়েছে, এই সিদ্ধান্ত সাউথ ত্রিপুরা বাস-জিপ চালক সংঘের রাজ্য কমিটির অনুমোদন ছাড়াই কার্যকর করা হয়েছে। এর প্রতিবাদ জানাতে গেলে কয়েকজন চালক ও গাড়ির মালিককে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন একাংশ।চালক ও মালিকদের আরও দাবি, ছাড়পত্রের অর্থ কমে যাওয়ায় সাব্রুম বাসস্ট্যান্ডে কর্মরত তিনজন কর্মচারীর বেতন এবং শ্রমিক কল্যাণমূলক বিভিন্ন খাতে ব্যয় করতেও সমস্যা দেখা দিয়েছে।এদিকে, সম্প্রতি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা রাজ্যে কোনো ধরনের তোলাবাজি বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছিলেন। সেই প্রেক্ষাপটে এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *