বিলোনিয়া, ১৩ জুলাই: সম্ভাব্য বন্যার ঝুঁকি থেকে দক্ষিণ জেলা সদর বিলোনিয়াকে সুরক্ষিত রাখতে চলমান প্রায় ৮০ কোটি টাকার মুহুরী নদীর বাঁধ সংস্কার প্রকল্প সোমবার সরেজমিনে পরিদর্শন করেন দক্ষিণ জেলার জেলা শাসক। তাঁর সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকার, জল সম্পদ দপ্তরের নির্বাহী বাস্তুকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।পরিদর্শনকালে জেলা শাসক নির্মাণকাজের অগ্রগতি ও গুণগতমান খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, বর্ষা মৌসুমে মুহুরী নদীর জলস্তর বৃদ্ধি পেলে যাতে দক্ষিণ জেলা সদরসহ আশপাশের এলাকায় বন্যার ঝুঁকি তৈরি না হয়, সেজন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হলো টেকসই ও মানসম্পন্ন বাঁধ নির্মাণের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা। তাই কাজের প্রতিটি ধাপে কঠোর নজরদারি রাখা হচ্ছে এবং কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরেছে। তাদের আশা, দ্রুত কাজ শেষ হলে বর্ষাকালে বন্যার আশঙ্কা অনেকটাই কমে আসবে।
৮০ কোটি টাকার মুহুরী বাঁধ সংস্কার পরিদর্শনে জেলা শাসক, বন্যা মোকাবিলায় জোর প্রস্তুতি
