জোলাইবাড়ী, ১৩ জুলাই: সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে দক্ষিণ ত্রিপুরার পশ্চিম জোলাইবাড়ীর শিল্পীপাড়া। সঠিক জল নিষ্কাশন ব্যবস্থার অভাব এবং নতুন সড়ক নির্মাণে পরিকল্পনার ত্রুটির অভিযোগ তুলে চরম দুর্ভোগের কথা জানিয়েছেন এলাকার বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, বিলোনিয়া-জোলাইবাড়ী সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। ফলে অল্প বৃষ্টিতেই রাস্তা ও আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। এর প্রভাবে বহু বাড়িঘর ক্ষতির মুখে পড়েছে এবং প্রতিদিন বিদ্যালয়, হাসপাতাল ও বাজারে যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।বাসিন্দাদের দাবি, নির্বাচনের আগে জোলাইবাড়ী বিধানসভাকে ‘মডেল বিধানসভা’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। তাঁদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্তকে বিষয়টি একাধিকবার জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি।সোমবার স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমের সামনে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তারা বলেন, দ্রুত জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।এখন প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের।
সামান্য বৃষ্টিতেই জলমগ্ন শিল্পীপাড়া, ক্ষোভে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বাসিন্দারা
