বামুটিয়া, ১৩ জুলাই: দীর্ঘ প্রায় দেড় বছর ধরে মেরামতের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বামুটিয়া ব্লকের অধীন পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের আগরতলা–বামুটিয়া প্রধান সড়ক থেকে মণিপুরপাড়া সংযোগকারী ইটের সলিং রাস্তা। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি বর্তমানে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।স্থানীয়দের দাবি, রাস্তার একাধিক অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, অপরিকল্পিতভাবে নির্মিত কালভার্ট ভেঙে পড়েছে এবং রাস্তার দুই পাশের ইট ধসে যাচ্ছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।এই রাস্তা দিয়েই এলাকার বাসিন্দারা স্কুল, কলেজ, হাসপাতাল ও বাজারে যাতায়াত করেন। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি প্রবেশ করতেও মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে রাস্তার পরিমাপ ও পরিদর্শন করা হলেও আজ পর্যন্ত মেরামতের কাজ শুরু হয়নি। এমনকি এই রাস্তা দিয়েই পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়িতে যাতায়াত করা হলেও সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যায়নি।দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন এলাকাবাসীর প্রশ্ন, আর কতদিন অপেক্ষা করতে হবে নিরাপদ যোগাযোগ ব্যবস্থার জন্য।
দেড় বছর ধরে বেহাল রাস্তা, মরণফাঁদে পূর্ব বামুটিয়ার ৩ নম্বর ওয়ার্ড
