Headlines

কাঞ্চনমালায় বাড়িঘরে ঢুকল বন্যার জল, জল নিষ্কাশন নিয়ে ক্ষোভে বাসিন্দারা

কাঞ্চনমালা, ১৩ জুলাই: টানা বৃষ্টির জেরে সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা বাজার এলাকায় একাধিক বাড়িতে বন্যার জল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অরচুৎ রায়ের বাড়িসহ মদন পালের বাড়ি এবং আরও কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয়দের অভিযোগ, বাজার সংলগ্ন এলাকায় এক বাসিন্দা নিজের জমিতে পুকুর খনন করলেও জল নিষ্কাশনের জন্য কোনো ড্রেনের ব্যবস্থা করা হয়নি। এর ফলে সাম্প্রতিক বৃষ্টিতে জল বের হওয়ার স্বাভাবিক পথ বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় জল জমে বাড়িঘরে প্রবেশ করে।ভুক্তভোগীদের দাবি, অতীতে কখনও এই এলাকায় এভাবে জল ঢোকেনি। তাঁদের মতে, আগে জল নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা থাকলেও পুকুর খননের পর সেই পথ বাধাগ্রস্ত হওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার জল ঢুকে পড়ায় কয়েকটি বাড়িতে ফাটলও দেখা দিয়েছে বলে অভিযোগ, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।স্থানীয়দের আরও অভিযোগ, পুকুর খননের সময় বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও তখন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।সোমবার পরিস্থিতির খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বিক্রমনগর তহশিলদার এবং ডুকলি রেভিনিউ সার্কেলের ডিসিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্রুত জল নিষ্কাশনের সমস্যা সমাধান এবং ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *