তেলিয়ামুড়া, ১৩ জুলাই: তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের জারুইলংবাড়ি এলাকায় জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।আহতের নাম প্রমোদ দাস (প্রায় ৭০)। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার তিনি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে এবং ডান পা ভেঙে গেছে। অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করার প্রস্তুতি চলছে।ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
তেলিয়ামুড়ায় জাতীয় সড়কে ফের দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ
