মান্দাই, ১৪ জুলাই: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ১১ মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মান্দাই থেকে বালডুমগামী সড়ক। ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীর দাবি, বাম আমলে নির্মিত এই সড়কটি দীর্ঘদিন ধরে কোনো বড় ধরনের সংস্কার না হওয়ায় বর্তমানে অনেক অংশ ভেঙে পাশের ছড়ার সঙ্গে মিশে যাচ্ছে। বর্ষার সময় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে এবং যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।স্থানীয়দের অভিযোগ, অতীতেও একাধিকবার রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দের কথা শোনা গেলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। তাদের আরও দাবি, প্রতিটি নির্বাচনের আগে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিধায়িকা স্বপ্না দেববর্মা এবং এমডিসি জগদীশ দেববর্মা নির্বাচনের সময় সড়ক সংস্কারের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি।এলাকাবাসী অবিলম্বে মান্দাই–বালডুম সড়কের সংস্কারকাজ শুরু করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও জন প্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভোটের প্রতিশ্রুতি, রাস্তা আজও বেহাল! মান্দাই–বালডুম সড়ক সংস্কারের দাবিতে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী
