সাব্রুম, ১৪ জুলাই: ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উদযাপন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সাব্রুমের পিএম শ্রী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভারতীয় নতুন ফৌজদারি আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (Bharatiya Nagarik Suraksha Sanhita), ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (Bharatiya Sakshya Adhiniyam) এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) দীপ্তনু বিশ্বাস, সাব্রুম থানার অফিসার-ইন-চার্জ অপু দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ, বিশিষ্ট ব্যক্তিত্ব চন্দন রায়চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রী।আলোচনায় বক্তারা জানান, ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ সালে প্রণীত হয়ে ব্রিটিশ আমলের ইন্ডিয়ান পেনাল কোড (IPC), ১৮৬০-এর পরিবর্তে কার্যকর হয়েছে। আধুনিক সময়ের সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ এবং নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ মোকাবিলায় এই আইনকে আরও যুগোপযোগী করা হয়েছে। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।বক্তারা বলেন, শিক্ষার্থীদের আইন সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। কারণ, তারা যদি নিজেদের আইনগত অধিকার, দায়িত্ব এবং অপরাধ প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন থাকে, তবে ভবিষ্যতে আরও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। বিশেষ করে সাইবার প্রতারণা, অনলাইন অপরাধ এবং নারী-শিশু সুরক্ষার মতো বিষয়ে সচেতনতা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানের শেষে ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে নতুন ফৌজদারি আইন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের আইন সম্পর্কে বাস্তব জ্ঞান বাড়ানোর পাশাপাশি সমাজে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন ফৌজদারি আইন নিয়ে ছাত্রীদের সচেতন করতে সাব্রুমে পুলিশের বিশেষ কর্মসূচি
