Headlines

৯৪টি সিসিটিভি অচল! নজরদারিহীন ধর্মনগরে বাড়ছে চুরির অভিযোগ, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা

ধর্মনগর, ১৪ জুলাই: উত্তর ত্রিপুরার গুরুত্বপূর্ণ শহর ধর্মনগরের সিসিটিভি নজরদারি ব্যবস্থা সম্পূর্ণ অচল থাকার অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে। অভিযোগ, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত প্রায় ৯৪টি সিসিটিভি ক্যামেরার একটিও বর্তমানে সচল নেই। এরই মধ্যে শহরে চুরি ও অন্যান্য অপরাধমূলক ঘটনার সংখ্যা বেড়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার, সরকারি দপ্তর, হাসপাতাল এবং জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে এই সিসিটিভি ক্যামেরাগুলি বসানো হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, গত এক থেকে দুই মাস ধরে পুরো নজরদারি ব্যবস্থা অচল হয়ে রয়েছে। ফলে কোনো অপরাধের ঘটনা ঘটলেও তদন্তের জন্য প্রয়োজনীয় ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে না।বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট পুর কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি, সিসিটিভি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মীর ওপর দায় চাপানোর চেষ্টার অভিযোগও উঠেছে।এদিকে, স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে শহরে সরকারি দপ্তর, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্বর্ণালঙ্কারের দোকানসহ বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটেছে। ফলে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।প্রায় ৯৪টি সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন অচল থাকার অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।নাগরিকদের দাবি, দ্রুত সিসিটিভি ব্যবস্থা সচল করে শহরের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এখন প্রশাসন এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে ধর্মনগরবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *