Headlines

ত্রিপুরায় কমেছে ম্যালেরিয়ার প্রকোপ, উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক পর্যালোচনা বৈঠকে জানালেন কিরণ গিত্তে

আগরতলা, ১৬ জুলাই: নিবিড় ম্যালেরিয়া নির্মূল প্রকল্পের অধীনে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে তিনদিনব্যাপী আঞ্চলিক পর্যালোচনা বৈঠক বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বৈঠকে রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানান, নিয়মিত পর্যবেক্ষণ, দ্রুত রোগ নির্ণয় এবং সময়মতো সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার ফলে ত্রিপুরায় ম্যালেরিয়া সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।তিনি বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। দুর্গম এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, দ্রুত পরীক্ষা, আক্রান্তদের তাৎক্ষণিক চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির ফলে ইতিবাচক ফল মিলেছে।তিনদিনব্যাপী এই আঞ্চলিক পর্যালোচনা বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য আধিকারিক, বিশেষজ্ঞ এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে যুক্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। বৈঠকে প্রতিটি রাজ্যের বর্তমান পরিস্থিতি, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।স্বাস্থ্য দপ্তরের আশা, এই পর্যালোচনা বৈঠকের মাধ্যমে বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতা ও সফল উদ্যোগগুলির আদান-প্রদানের ফলে উত্তর-পূর্বাঞ্চলে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি আরও শক্তিশালী হবে এবং জাতীয় পর্যায়ে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *