Headlines

পিণ্ডদান করতে গিয়ে চরম দুর্ভোগ! ভাঙা ঘাট, নেই শৌচাগার-চেঞ্জিং রুম—সোনামুড়ার বটতলীতে ক্ষোভ পুণ্যার্থীদের

সোনামুড়া, ১৬ জুলাই: পূর্বপুরুষদের উদ্দেশে পিণ্ডদান ও তর্পণ করতে এসে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সোনামুড়া বটতলীর সুইজগেট এলাকার গোমতী নদীর তীরে আসা পুণ্যার্থীরা। ভাঙাচোরা ঘাট, নিরাপত্তাহীন পরিবেশ এবং ন্যূনতম পরিকাঠামোর অভাবে প্রতিদিনই ঝুঁকি নিয়ে ধর্মীয় আচার পালন করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, গোমতী নদীর এই ঘাটে আগে একটি পাকা ঘাট ছিল। কিন্তু গত বছরের ভয়াবহ বন্যায় সেটি সম্পূর্ণ ভেঙে নদীগর্ভে তলিয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন ঘাট নির্মাণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ভাঙা ও পিচ্ছিল নদীপাড় বেয়ে পানিতে নামতে বাধ্য হচ্ছেন পুণ্যার্থীরা। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।অভিযোগ, দূর-দূরান্ত থেকে আসা মানুষের জন্য এখানে বসার শেড, বিশ্রামাগার, পানীয় জল কিংবা শৌচাগারের মতো মৌলিক সুবিধাও নেই। বিশেষ করে প্রবীণ ও নারী পুণ্যার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে মহিলাদের জন্য কোনো চেঞ্জিং রুম বা আড়ালযুক্ত স্নানঘাট না থাকার বিষয়টি নিয়ে। ধর্মীয় নিয়ম অনুযায়ী নদীতে স্নান করতে হলেও, পোশাক পরিবর্তনের জন্য কোনো নিরাপদ ব্যবস্থা না থাকায় নারীরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা ও পুণ্যার্থীরা।পুণ্যার্থীদের দাবি, ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই ঘাটে দ্রুত একটি নিরাপদ পাকা ঘাট, শৌচাগার, বিশ্রামাগার, মহিলাদের জন্য পৃথক চেঞ্জিং রুম এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে প্রশাসন যেন অবিলম্বে উদ্যোগী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *