আগরতলা, নিজস্ব প্রতিনিধি:পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে ৭৭তম রাজ্যভিত্তিক বনমহোৎসব উপলক্ষে রবিবার আগরতলার হেরিটেজ পার্কে এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়। বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বনকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সবুজ পতাকা দেখিয়ে সাইকেল র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন স্তরের বনকর্মী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।এদিনের সাইকেল র্যালিতে মোট ৫৪ জন অংশগ্রহণ করেন। পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি।অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের বিকল্প নেই। বনমহোৎসব কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার সামাজিক অঙ্গীকার। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করারও আহ্বান জানান তাঁরা।
সবুজের বার্তা ছড়াতে আগরতলায় বনমহোৎসব উপলক্ষে সাইকেল র্যালি, উদ্বোধনে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা
