আগরতলা, ২০ জুলাই ২০২৬: মোহনপুরে গণডেপুটেশন কর্মসূচি আয়োজন করতে না পারার অভিযোগ তুলে সোমবার আগরতলার ভানু ঘোষ স্মৃতি ভবনে সাংবাদিক সম্মেলন করে সিপিআই(এম) নেতৃত্ব। দলটির অভিযোগ, পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও রাজনৈতিক উত্তেজনার কারণে নির্ধারিত কর্মসূচি শেষ পর্যন্ত স্থগিত রাখতে বাধ্য হয় তারা।সিপিআই(এম)-এর মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে স্থানীয় বিভিন্ন দাবিতে মহকুমা শাসকের কাছে গণডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, ফটিকছড়া বাজার থেকে মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে যাওয়ার কথা ছিল। কর্মসূচিতে বিরোধী দলনেতারও উপস্থিত থাকার কথা ছিল।সাংবাদিক সম্মেলনে দলের নেতারা অভিযোগ করেন, কর্মসূচি শুরুর আগেই বিভিন্ন এলাকায় বিজেপি সমর্থক ও বাইক বাহিনীর জমায়েত হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রায় তিন হাজার মানুষের সমাগম হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই পরিস্থিতিতে কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সিপিআই(এম)।দলের দাবি, পুলিশের অনুমোদন থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কার্যকর ভূমিকা নিতে পারেনি। অভিযোগ করা হয়, বিভিন্ন রাস্তার মোড়ে লোকজন জড়ো করে রাখা হলেও পুলিশ তা নিয়ন্ত্রণে উদ্যোগী হয়নি। এই ঘটনায় সিপিআই(এম) কর্মী সুভাষ দেবনাথ আক্রান্ত হয়েছেন বলেও দাবি করা হয়।সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) নেতা রতন দাস পুলিশের ভূমিকা ও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। উপস্থিত ছিলেন সুদীপ দেবনাথ, প্রণব দেববর্মা, নয়ন সরকার ও সুদীপ সরকার-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোহনপুরে সিপিআই(এম)-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের ভূমিকা নিয়ে তোপ নেতৃত্বের
