ধর্মনগর, ২২ জুলাই: নাগরিক পরিষেবা ও জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বুধবার ধর্মনগর পুর এলাকায় ১১ দফা দাবিকে সামনে রেখে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিআই(এম)-এর ধর্মনগর মহকুমা কমিটি।দলের মহকুমা কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক অংশ নেন।বিক্ষোভকারীদের দাবির মধ্যে ছিল—জরাজীর্ণ রাস্তাঘাটের দ্রুত সংস্কার, নিরবচ্ছিন্ন পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা, ধর্মনগর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা চালু, বিপিএল পরিবারের জন্য ৭৫ দিনের টুয়েপ (TUEP) কর্মসংস্থানের নিশ্চয়তা, বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং এসডিএম অফিসে সাধারণ মানুষের নথিপত্র সংক্রান্ত হয়রানি বন্ধ করা।এছাড়াও রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ এবং রাজ্যে আইনশৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার দাবিও তোলা হয় কর্মসূচি থেকে।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায়-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।
১১ দফা দাবিতে ধর্মনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, জনস্বার্থে সরব বাম নেতৃত্ব
