Headlines

আনন্দনগরে ‘প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান’, ৪০ গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা

আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে এবং রোটারি ক্লাব অব আগরতলা সিটির সহযোগিতায় বৃহস্পতিবার সফলভাবে পালিত হলো ‘প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান’ কর্মসূচি। গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে আয়োজিত এই উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে একাধিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ পূর্ণিমা দেবনাথ, রোটারি ক্লাব অব আগরতলা সিটির প্রেসিডেন্ট ডাঃ অনন্যা দাস, বিশিষ্ট স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ অশোক মজুমদার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সঞ্জীব দেববর্মা এবং ডাঃ অমিতাভ বৈদ্য।কর্মসূচির আওতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষা (অ্যান্টিনেটাল কেয়ার) করা হয়। পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষার সুবিধা প্রদান করা হয়। এছাড়া ‘সুরক্ষিত মাতৃত্ব আশ্বাস (সুমন)’ প্রকল্পের অধীনে উপকারভোগী গর্ভবতী মায়েদের মধ্যে পুষ্টিকর ফুড বাস্কেট বিতরণ করা হয়।স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, এদিন মোট ৪০ জন গর্ভবতী মা এই বিশেষ স্বাস্থ্যসেবার সুবিধা গ্রহণ করেন। আয়োজকদের মতে, নিরাপদ মাতৃত্ব ও মা-শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনস্বাস্থ্যভিত্তিক কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *