আগরতলার অক্সিলিয়াম গার্লস স্কুলের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো “আউক্সি ইগনিট এনওএল এক্সিবিশন ২০২৬”। ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।প্রদর্শনীতে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীরা বিজ্ঞান, গণিত, পরিবেশ, শিল্প ও কারুশিল্পসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আকর্ষণীয় মডেল, উদ্ভাবনী প্রজেক্ট এবং সৃজনশীল উপস্থাপনা প্রদর্শন করে। শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো প্রদর্শনী প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইপিএস অফিসার অবলা রমেশ রেড্ডি। এছাড়াও শিক্ষা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।ছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, “এই ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের নতুন কিছু ভাবতে ও তৈরি করতে অনুপ্রাণিত করে। আগরতলার মেয়েরা যে কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই, এই প্রদর্শনী তারই উজ্জ্বল প্রমাণ।”বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তবভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী ছাত্রীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ভাবনা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।
বিজ্ঞান-সৃজনশীলতার অনন্য মেলবন্ধন! আগরতলায় জমকালো ‘আউক্সি ইগনিট এনওএল এক্সিবিশন ২০২৬’
