Headlines

আমবাসায় ছড়া থেকে উদ্ধার মানব কঙ্কাল, রহস্য ঘিরে চাঞ্চল্য

ধলাই জেলার আমবাসা মহকুমার নতুন পল্লী এলাকায় একটি ছড়া থেকে মানব কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে স্থানীয় শ্রমিকরা চান্দ্রাই ছড়ার পাশে কাজ করতে গিয়ে জল ও স্থলের মাঝামাঝি অবস্থায় কঙ্কালটি দেখতে পান।জানা যায়, কঙ্কালটি যে স্থানে উদ্ধার হয়েছে সেটি স্থানীয় বাসিন্দা খগেশ দেবনাথের জমি। শ্রমিকরা বিষয়টি তাঁকে জানালে তিনি সঙ্গে সঙ্গে আমবাসা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। উপস্থিত ছিলেন থানার ওসি নন্দন দাস এবং পরে ঘটনাস্থলে আসেন ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই।ঘটনার গুরুত্ব বিবেচনা করে ডিসিএম, ফরেনসিক বিশেষজ্ঞ দল এবং চিকিৎসকদেরও ঘটনাস্থলে ডাকা হয়। ডিসিএম পূজা রিয়াং-এর উপস্থিতিতে ফরেনসিক দল কঙ্কালটির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে। পরে চিকিৎসক ঘটনাস্থলেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের কাজ সম্পন্ন করেন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি একজন পুরুষের কঙ্কাল এবং প্রায় এক মাস বা তারও বেশি সময় আগে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন পানিতে থাকার কারণে দেহের মাংসপেশি নষ্ট হয়ে গেছে বলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে কঙ্কালটির পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ফরেনসিক পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং এটি কীভাবে সেখানে পৌঁছাল, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় গোটা নতুন পল্লী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *