ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের আবহে রাজনীতি না করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেন, এমন একটি সংবেদনশীল ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় এবং তদন্তের ওপর আস্থা রাখা প্রয়োজন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঘটনার তদন্ত আইন অনুযায়ী চলছে। তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনও ধরনের অনুমান বা রাজনৈতিক মন্তব্য করা ঠিক হবে না। সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলি তাদের দায়িত্ব পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।একইসঙ্গে নেতাজিকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম কোনওভাবেই বাদ দেওয়া হবে না। নেতাজির প্রতি রাজ্য সরকারের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর ডিজিপির মৃত্যুর তদন্ত এবং নেতাজির নাম সংক্রান্ত বিতর্ক—দুই বিষয়ই নতুন করে রাজনৈতিক ও জনমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
ডিজিপির মৃত্যু নিয়ে রাজনীতি নয়, নেতাজির নামও বাদ যাবে না: মুখ্যমন্ত্রী মানিক সাহা
