জম্পুই জলা, ২৮ জুলাই: গভীর রাতে ঘরে ঢুকে এক মহিলাকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৪৫ বছর বয়সি আইডিসরি মলসুম।ঘটনাটি ঘটেছে জম্পুই জলা ব্লকের দুর্গম পাহাড়ি এলাকা উজান পাথালিয়া ঘাট এডিসি ভিলেজের বিজয় নন্দী মলসুম পাড়ায়। মৃত স্বামী তিলক দেববর্মার পর আইডিসরি মলসুম একাই বাড়িতে থাকতেন। তার একমাত্র ছেলে ১৭ বছরের জ্যাকব দেববর্মা বেঙ্গালুরুতে কাজ করেন বলে জানা গেছে।স্থানীয়দের দাবি, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ উদয়পুর কিল্লা এলাকার ধন্য মোহন জমাতিয়া নামে এক যুবক ওই মহিলার ঘরে ঢুকে তাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে ঘরের ভেতর ও বারান্দা রক্তে ভেসে যায়।মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়।ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্ত যুবককে আটক করতে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
দা দিয়ে কুপিয়ে মহিলাকে হত্যার চেষ্টার অভিযোগ, জিবি হাসপাতালে সংকটজনক অবস্থায় ৪৫ বছরের মহিলা
