নিজস্ব প্রতিনিধি: জুটমিল ইস্যুকে কেন্দ্র করে বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিতে বুধবার সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, ১৯৮০ সালে পরীক্ষামূলক উৎপাদন এবং ১৯৮১ সালে বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে সরকারি উদ্যোগে জুটমিলের কার্যক্রম শুরু হয়। এর ফলে পাটচাষে কৃষকরাও উৎসাহিত হয়েছিলেন। তবে পরবর্তীকালে এই শিল্পকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।মন্ত্রীর দাবি, যেখানে জুটমিলে অনুমোদিত কর্মীসংখ্যা ছিল ৮০৭, সেখানে ২,২৫৩ জনকে নিয়োগ করা হয়। এর ফলে বর্তমানে রাজ্য সরকারকে প্রায় ₹২২০ কোটি আর্থিক বোঝা বহন করতে হচ্ছে। তিনি আরও বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী সরকার পদক্ষেপ নিয়েছে। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বামফ্রন্ট সরকারই সুপ্রিম কোর্টে গিয়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর মতে, তখনই হাইকোর্টের রায় মেনে নেওয়া হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।জুটমিল শ্রমিক ও তাঁদের পরিবারকে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম), বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন প্রণজিৎ সিংহ রায়। পাশাপাশি তিনি বিরোধী নেতাদের বিভিন্ন মন্তব্যেরও সমালোচনা করেন এবং সেগুলি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করেন।এদিন জুটমিল চত্বরকে ঘিরে রাজ্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী। তাঁর বক্তব্য, এলাকাটিকে উন্নয়নের আওতায় এনে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।
জুটমিল ইস্যুতে বিজেপির পাল্টা আক্রমণ, ‘শ্রমিকদের বিভ্রান্ত করছে বিরোধীরা’ দাবি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের
