বিলোনিয়া, ৩১ জুলাই: “রক্ত দান, মহৎ দান”— এই মানবিক বার্তাকে সামনে রেখেই দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া যোগমায়া কালিবাড়ির নাটমন্দিরে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শুক্রবার সকালে যোগমায়া কালিবাড়ির ১০৩তম দুর্গোৎসব এবং লায়ন্স ক্লাব বিলোনিয়া গ্রীনের বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে এই শিবিরের আয়োজন করা হয়।শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগমায়া কালিবাড়ি কমিটির সভাপতি ডাঃ জগদীশ নমঃ, সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, লায়ন্স ক্লাব বিলোনিয়া গ্রীনের সম্পাদক জয়জীৎ সোম, প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, সমাজসেবী গৌতম সরকারসহ দুই সংস্থার বিশিষ্ট সদস্যরা।অনুষ্ঠানে ডাঃ জগদীশ নমঃ বলেন, মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের প্রধান লক্ষ্য। রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং বয়স্কদের সহায়ক সামগ্রী প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়মিতভাবে পরিচালনা করে আসছে সংগঠনটি।সকাল থেকেই বিভিন্ন পেশার স্বেচ্ছাসেবীরা নাটমন্দিরে এসে রক্তদান করেন এবং অন্যদেরও এই মহৎ কাজে অংশগ্রহণের আহ্বান জানান। আয়োজকদের আশা, এদিন প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করবেন।মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তের বিকল্প নেই। সেই বার্তাকেই সামনে রেখে “রক্ত দিন, জীবন বাঁচান” স্লোগানে সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বিলোনিয়ার যোগমায়া কালিবাড়ি ও লায়ন্স ক্লাব বিলোনিয়া গ্রীন।
‘রক্ত দিন, জীবন বাঁচান’— বিলোনিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে মানবতার অনন্য দৃষ্টান্ত
