আগরতলা, ৫ আগস্ট: পশ্চিম ত্রিপুরার বড়জলা মধ্যপাড়ার বাসিন্দা দরিদ্র ও অসহায় হিরাবতী সরকার সেন তাঁর পৈতৃক সম্পত্তি জাল নথির মাধ্যমে দখল করে নেওয়ার অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।অভিযোগ অনুযায়ী, জীবন রুদ্ধপাল নামে এক ব্যক্তি জাল কাগজপত্র তৈরি করে তাঁর পৈতৃক জমি নিজের দখলে নিয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরে চেষ্টা করেও জমি ফিরে না পাওয়ায় বুধবার তিনি পরিবারের সদস্য ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিরাবতী সরকার সেন বলেন, তাঁর বৈধ পৈতৃক সম্পত্তি জাল নথির মাধ্যমে দখল করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত মালিক হিসেবে তাঁর জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রশাসনের তদন্তের পরই অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
জাল নথিতে পৈতৃক জমি দখলের অভিযোগ, জেলাশাসকের দ্বারস্থ বড়জলার অসহায় মহিলা
