Headlines

ক্রাশারে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা, অভিযুক্তের তথ্যেই উদ্ধার লক্ষাধিক টাকার যন্ত্রাংশ

কদমতলা, ৫ আগস্ট: উত্তর ত্রিপুরার কদমতলা থানার অধীন ঝেরঝেরী এলাকায় পাথর ভাঙার ক্রাশার থেকে মূল্যবান লোহার যন্ত্রাংশ চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ একটি ভাঙারির দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঝেরঝেরী এলাকার একাধিক ক্রাশার থেকে মূল্যবান লোহার যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছিল। এরপর ক্রাশার মালিকরা যৌথভাবে পাহারার ব্যবস্থা করেন। বুধবার দুপুরে ইমদাদুর রহমানের একটি ক্রাশার থেকে যন্ত্রাংশ চুরি করার সময় আব্বাস উদ্দিন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা।পরে তাকে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত সম্প্রতি চুরি করা বিভিন্ন যন্ত্রাংশ কদমতলা বাজারের একটি ভাঙারির দোকানে বিক্রি করার কথা জানায় বলে পুলিশ সূত্রে দাবি।এরপর পুলিশ অভিযুক্তকে সঙ্গে নিয়ে ওই দোকানে অভিযান চালিয়ে প্রায় শতাধিক ক্রাশার মেশিনের ‘রুলি’ উদ্ধার করে। উদ্ধার হওয়া যন্ত্রাংশগুলির আনুমানিক বাজারমূল্য ২ থেকে ২.৫ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আরও কিছু চুরি যাওয়া যন্ত্রাংশের সন্ধান এখনও মেলেনি। অভিযানের সময় সংশ্লিষ্ট ভাঙারি দোকানের মালিককে দোকানে পাওয়া যায়নি।ক্রাশার মালিক বিল্লাল আহমেদ দাবি করেন, অতীতেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল এবং পুলিশের সহযোগিতায় চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছিল। তাঁর অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কম দামে চুরি হওয়া মালামাল কিনে এই ধরনের অপরাধকে উৎসাহিত করছেন।পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। চুরি হওয়া বাকি যন্ত্রাংশ উদ্ধার এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *