কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে ন্যূনতম চিকিৎসা সরঞ্জামের অভাবের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, চণ্ডীপুর বিধানসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিপ্রা সুক্লবৈদ্য তাঁর ১১ মাসের জ্বরাক্রান্ত নাতিকে হাসপাতালে ভর্তি করানোর পর জানতে পারেন, হাসপাতালের কাছে জ্বর মাপার জন্য থার্মোমিটার নেই।পরিবারের দাবি, রাত প্রায় ১টার সময় বাধ্য হয়ে হাসপাতালের বাইরে থেকে একটি থার্মোমিটার কিনে আনতে হয়। এরপর সেই থার্মোমিটার দিয়েই শিশুটির শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়।ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রোগীর পরিবারের অভিযোগ, একটি সরকারি হাসপাতালে যদি থার্মোমিটারের মতো ন্যূনতম চিকিৎসা সরঞ্জামও না থাকে, তবে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠবেই।ঘটনার খবর প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সরকারি হাসপাতালগুলিতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সবসময় উপলব্ধ রয়েছে কি না, তা নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তরের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
সরকারি হাসপাতালে থার্মোমিটার নেই! রাত ১টায় বাইরে থেকে কিনে আনলেন রোগীর পরিবার
