ধর্মনগর, ৮ আগস্ট: চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে ঘরে ফিরল উত্তর জেলার ফুটবল দল। বিলোনিয়ায় অনুষ্ঠিত জেলাভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় রাজ্যের আটটি জেলার দলকে পিছনে ফেলে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে উত্তর জেলার ফুটবল দল।গত ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত বিলোনিয়ার বি.কে.আই ময়দানে ৪৩ নম্বর বিএসএফ-এর উদ্যোগে এই জেলাভিত্তিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্যের আটটি জেলার ফুটবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রখ্যাত ফুটবলার ও কোচ অঞ্জন পালের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় অংশ নেয় উত্তর জেলার দল।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথম স্থান অধিকার করে উত্তর জেলা। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ট্রেনে করে শনিবার ধর্মনগরে পৌঁছায় দলের খেলোয়াড়রা।দলটি ধর্মনগর স্টেশনে পৌঁছতেই সেখানে সংবর্ধনার আয়োজন করা হয়। উত্তর জেলার ফুটবল দলের খেলোয়াড়দের স্বাগত জানিয়ে সংবর্ধনা দেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী।চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিধায়ক বলেন, উত্তর জেলায় ফুটবলের প্রচার ও প্রসারে তিনি সবসময় পাশে থাকবেন। আগামী দিনে জেলা থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার ক্ষেত্রেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।উত্তর জেলার ফুটবল দলের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত জেলার ক্রীড়াপ্রেমীরা। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দলের ঘরে ফেরার মুহূর্তে ধর্মনগর স্টেশনেও তৈরি হয় উৎসবের আবহ।
চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘরে ফিরল উত্তর জেলা, ধর্মনগর স্টেশনে ফুটবলারদের সংবর্ধনা
