ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেনগুলির পাশাপাশি বহিরাজ্যে চলাচলকারী দূরপাল্লার ট্রেনগুলির ধর্মনগর স্টেশনে যাত্রাবিরতির সময় বাড়ানোর দাবিতে ডেপুটেশন দিলেন বিধায়ক জহর চক্রবর্তী।শনিবার বেলা ১২টা নাগাদ ধর্মনগর রেলস্টেশনের স্টেশন সুপারের কাছে এই ডেপুটেশন প্রদান করা হয়। বিধায়কের দাবি, ধর্মনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যে সমস্ত ট্রেন দাঁড়ায়, সেগুলির যাত্রাবিরতির সময় বর্তমানে মাত্র দুই মিনিট হওয়ায় যাত্রীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু, অসুস্থ যাত্রী এবং ভারী লাগেজ নিয়ে যাতায়াতকারী মানুষদের জন্য অল্প সময়ের মধ্যে ট্রেনে ওঠানামা করা অত্যন্ত সমস্যাজনক হয়ে উঠছে বলে দাবি করা হয়।ডেপুটেশনে ধর্মনগর-আগরতলা ও আগরতলা-ধর্মনগর রুটের সমস্ত ট্রেন এবং আগরতলা থেকে বহিরাজ্যে চলাচলকারী দূরপাল্লার ট্রেনগুলির ধর্মনগর স্টেশনে স্টপেজের সময় দুই মিনিট থেকে বাড়িয়ে চার মিনিট করার দাবি জানানো হয়।বিধায়ক জহর চক্রবর্তী জানান, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে রেল কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন জানানো হয়েছে। স্টপেজের সময় বাড়ানো হলে ধর্মনগর ও আশপাশের এলাকার সাধারণ যাত্রীরা উপকৃত হবেন বলে দাবি তাঁর।
ধর্মনগর স্টেশনে ট্রেনের স্টপেজ বাড়ানোর দাবি, স্টেশন সুপারকে বিধায়কের ডেপুটেশন
