Headlines

স্কুলে চোরের দৌরাত্ম্য! তার-ফ্যান চুরি, নেশার আড্ডার অভিযোগে আতঙ্কে বিশালগড়

বিশালগড়, ৮ আগস্ট: শিক্ষার পীঠস্থানেই একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বিশালগড় হায়ার সেকেন্ডারি স্কুলে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, বেশ কয়েক মাস ধরে স্কুল চত্বরে চোরের উপদ্রব ক্রমেই বেড়ে চলেছে। ক্লাস শেষ হওয়ার পর স্কুল ফাঁকা হলেই দুষ্কৃতীরা সেখানে ঢুকে চুরি চালাচ্ছে বলে অভিযোগ।শনিবার সকালে স্কুলে এসে শিক্ষক-শিক্ষিকারা দেখতে পান, বৈদ্যুতিক তার, ফ্যানসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গিয়েছে। এর আগেও স্কুলের ব্ল্যাকবোর্ডসহ একাধিক জিনিস চুরি যাওয়ার অভিযোগ উঠেছে।স্কুল কর্তৃপক্ষের দাবি, চুরির ঘটনাগুলি নিয়ে একাধিকবার থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু অভিযোগ জানানোর পরও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে দাবি তাঁদের।এদিকে, স্কুল চত্বরে নেশার কারবার ও অসামাজিক কার্যকলাপের অভিযোগও তুলেছেন এক শিক্ষক। তাঁর দাবি, বহিরাগত কিছু নেশাগ্রস্ত ব্যক্তি স্কুলের পরিত্যক্ত বা নির্জন অংশকে নেশার আড্ডা হিসেবে ব্যবহার করছে। এমনকি সেখানে মাদক বিক্রির মতো কার্যকলাপও চলছে বলে অভিযোগ করা হয়েছে।স্কুলের মধ্যে চুরি ও নেশার আড্ডার অভিযোগকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষকরা দ্রুত স্কুল চত্বরে নিরাপত্তা জোরদার এবং প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।তবে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগগুলির বিষয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি। অভিযোগগুলি কতটা সত্য এবং চুরির ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পরই স্পষ্ট হবে।এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর শিক্ষা দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে স্কুলের নিরাপত্তা এবং নেশা-সংক্রান্ত অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *