Headlines

নির্মাণের কয়েক মাসেই জাতীয় সড়কে গর্ত! সোনামুড়ায় নিম্নমানের কাজের অভিযোগ

সোনামুড়া, ৮ আগস্ট: নির্মাণের কয়েক মাসের মধ্যেই বেহাল হয়ে পড়েছে সোনামুড়ার গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের একটি অংশ। সোনামুড়া ট্রাফিক পয়েন্ট এলাকায় সড়কের মাঝে একাধিক বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন যানচালক ও সাধারণ মানুষ।স্থানীয়দের অভিযোগ, নতুন করে নির্মাণের পর অল্প সময়ের মধ্যেই সড়কের এমন দশা হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠছে। বড় বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে যানবাহনের মধ্যে প্রায়ই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে। ইতিমধ্যেই গর্তের কারণে ছোট-বড় একাধিক দুর্ঘটনা ঘটেছে বলেও দাবি স্থানীয়দের।বর্ষার জল জমে গর্তগুলি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলায় গর্তগুলি স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে।শুধু জাতীয় সড়ক নয়, সোনামুড়া নগর পঞ্চায়েতের বিভিন্ন অভ্যন্তরীণ সড়কের অবস্থাও শোচনীয় বলে অভিযোগ। হাসপাতাল রোড, ঠাকুরমুড়া রোডসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। বৃষ্টির জল জমে সেই সমস্যাও আরও প্রকট হয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ করা হলেও কয়েক মাসের মধ্যেই যদি সড়কে বড় বড় গর্ত তৈরি হয়, তাহলে কাজের মান নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তাঁদের দাবি, বিষয়টি দ্রুত পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশগুলি সংস্কার করা হোক।দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কসহ শহরের অভ্যন্তরীণ রাস্তাগুলিও দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *